পুবের কলম ওয়েবডেস্কঃ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বহু প্রশ্নের উত্তর মেলেনি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবিতে শনিবার বিকেলে একত্রিত হন টলিপাড়ার একাধিক তারকা। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ আরও অনেকে। সভায় ছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। পরে শনিবার রাতেই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে দিঘার কাছে তালসারি সমুদ্রসৈকতের উদ্দেশে রওনা দেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা।

এদিকে, শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানায় একটি এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুকে ঘিরে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কা সরকারও ব্যক্তিগতভাবে তালসারি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

প্রিয়াঙ্কার দায়ের করা অভিযোগে মোট পাঁচ জনের নাম উল্লেখ করা হয়েছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজনা সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রিয়াঙ্কা তাঁর অভিযোগপত্রে দাবি করেছেন, তালসারিতে শুটিং শুরু করার আগে কোনও প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি শুটিংয়ের সময় নিরাপত্তার দিকেও পর্যাপ্ত নজর দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।

তবে প্রশ্ন উঠেছে, অভিযোগ দায়ের করতে এতটা সময় লাগল কেন।

সেই প্রসঙ্গে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা বলেন, স্বামীর মৃত্যুর কারণে তিনি মানসিকভাবে ভেঙে গিয়েছিলেন। সেই গভীর মানসিক আঘাতের কারণেই অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। এফআইআর-এ প্রযোজনা সংস্থার কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শুটিংয়ের কাজ অত্যন্ত অবহেলা ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছিল। সেই অবহেলাই অভিনেতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।