পুবের কলম ওয়েব ডেস্ক: নিট-আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার না করা হলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে এই সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলি আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জারি রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। এই পরিস্থিতিতে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সম্ভাবনা তৈরি হলে দেশের যুবসমাজ ফের রাজপথে নামতে বাধ্য হবে বলে স্পষ্ট জানিয়েছে সিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে গভীর হতাশা ব্যক্ত করেছে সিজেপি। শীর্ষ আদালত জানিয়েছে যে, অপরাধের পূর্ব ইতিহাস নেই এমন নাবালকদের আটক করা যাবে না এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। তবে যাঁরাই আইন ভেঙেছেন বা সীমা লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে আদালত।
আরও পড়ুন:
সিজেপি-র অভিযোগ, সোমবার গভীর রাত পর্যন্ত কেন্দ্রের সঙ্গে বৈঠকে এফআইআর প্রত্যাহারের যে আশ্বাস মিলেছিল, মঙ্গলবার শুনানির সময় সরকারি আইনজীবীরা তা আদালতকে জানাননি।
সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাসের মতে, সরকারের আশ্বাসের সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশের কোনও মিল নেই এবং আদালতের এই শর্ত তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, সরকারের উচিত অবিলম্বে তাদের দেওয়া প্রতিশ্রুতি লিখিতভাবে কার্যকর করা এবং সবার আগে সেই দাবি পূরণ করা।আরও পড়ুন:
সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও কেন্দ্রকে তাদের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট সরকারকে মামলা প্রত্যাহার করতে নিষেধ করেনি, তাই সরকারের হাতেই এখনও মামলাগুলি খারিজ করার ক্ষমতা রয়েছে। তাঁর মতে, আন্দোলনকারী পড়ুয়াদের অযথা হয়রানি বা নিপীড়ন করা অবিলম্বে বন্ধ করতে হবে। সরল বিশ্বাসে সরকারের সঙ্গে চুক্তিতে আসা পড়ুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলে ফের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজপথে নামা ছাড়া আর কোনও উপায় থাকবে না বলে তিনি সতর্ক করে দিয়েছেন।