পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব পেয়েছে ইস্কন। আগামী ১ অগস্ট থেকে পড়ুয়াদের জন্য তারা সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করবে। সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই পড়ুয়াদের প্রোটিনের ঘাটতি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, ইস্কন নিরামিষ খাবার পরিবেশন করলেও রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের পাতে ডিম দেওয়া হবে।
বুধবার নবান্নে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি জানান, খুদেদের প্রোটিনের চাহিদা পূরণে স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে আলাদাভাবে ডিমের জোগান দেবে রাজ্য।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৬-২৭ আর্থিক বছরের রাজ্য বাজেটে শুধুমাত্র কলকাতা পুরসভার অধীনস্থ স্কুলগুলির মিড ডে মিল পরিচালনার ভার ইস্কনের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এরপরেই বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয় যে, পড়ুয়াদের ধীরে ধীরে নিরামিষ খাবারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মেনু থেকে ডিম হয়তো চিরতরে বাদ পড়তে চলেছে। বিষয়টি নিয়ে চলতি মাসে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়।
আরও পড়ুন:
আদালত এই প্রসঙ্গে রাজ্যের কাছে হলফনামা তলব করেছে। এই আইনি ও রাজনৈতিক টানাপড়েনের মাঝেই সরকারি স্তরে আলোচনার পর ডিম বিতরণের এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য প্রশাসন।
এ দিন নবান্ন থেকে রাজ্যের ৮০ হাজার ৩৭৫টি সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্য কম্পোজিট গ্রান্টও প্রদান করেন মুখ্যমন্ত্রী। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে স্কুলগুলির অ্যাকাউন্টে মোট ২৯৬ কোটি ৬৪ লক্ষ টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়। অনুদান হস্তান্তরের পর সংক্ষিপ্ত ভাষণেই মিড ডে মিলে ডিম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।