ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাস মঙ্গলবার নির্দেশ দেয়, ভবানীপুরের গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ, ইভিএম এবং ভিভিপ্যাট সংরক্ষণ করে রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য বা ফুটেজ মুছে ফেলা যাবে না। আগামী দু’মাস পরে মামলার পরবর্তী শুনানি হবে।

শুনানিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি, প্রথম ১২ রাউন্ড পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৭,৮০০ ভোটে এগিয়ে ছিলেন। এরপর তৃণমূলের এজেন্টদের গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে বিজেপি প্রার্থী তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিপুল ভোটে এগিয়ে যান।

আইনজীবীর অভিযোগ, ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের রিটার্নিং অফিসারকেই ভবানীপুরে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বর্তমানে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্মসচিব পদে রয়েছেন। এই কারণেই ভোট প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ১৫ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী।