পুবের কলম ওয়েব ডেস্ক: বর্ষাকাল এবং পরবর্তী সময়ে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা মাথায় রেখে সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক বিধি বা ড্রেস কোডে বড়সড় রদবদল আনতে চলেছে রাজ্য সরকার। ডেঙ্গু প্রতিরোধে এবং মশার কামড় থেকে ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে এবার থেকে বছরের ছয় মাস সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। বুধবার স্বাস্থ্যভবনে আয়োজিত একটি বিশেষ বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় পড়ুয়াদের সুরক্ষায় এই গুরুত্বপূর্ণ পোশাক বিধি সংক্রান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি বছর জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই নতুন নিয়ম কার্যকর থাকবে। এই নির্দিষ্ট ছয় মাস সরকারি স্কুলের ছাত্রদের আবশ্যিকভাবে ফুলহাতা শার্ট এবং ফুল প্যান্ট পরতে হবে।
অন্যদিকে, ছাত্রীদের স্কুলের নির্দিষ্ট পোশাক হিসেবে স্কার্ট থাকলেও তাদের পা পুরোপুরি ঢেকে রাখতে হবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা জারি করা হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত ডেঙ্গুর মতো প্রাণঘাতী মশাবাহিত রোগের হাত থেকে শিশুদের রক্ষা করতেই প্রশাসনের এই আগাম সতর্কতামূলক পোশাক বিধি কার্যকর করার পদক্ষেপ নেওয়া হয়েছে।আরও পড়ুন:
সরকারি স্কুলগুলির জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হলেও বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতেই রাখা হয়েছে। তবে সরকারের তরফ থেকে বেসরকারি স্কুলগুলিকেও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে পোশাক বিধিতে এই পরিবর্তন আনার জন্য বিশেষভাবে আবেদন জানানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেছেন। মশার হাত থেকে সন্তানদের বাঁচাতে রাজ্য সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তে পড়ুয়াদের অভিভাবকরা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন।