পুবের কলম ওয়েবডেস্ক: দেশজুড়ে ওষুধ বিক্রির ক্ষেত্রে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনও ধরনের সিরাপ ওষুধের দোকান থেকে কেনা যাবে না। কাশির সিরাপ-সহ সব ধরনের সিরাপই এই নতুন নিয়মের আওতায় পড়বে। ফলে গ্রাহকদের সিরাপ কিনতে হলে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন দেখানো বাধ্যতামূলক হবে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ‘ড্রাগস (পঞ্চম সংশোধন) নিয়ম, ২০২৬’-এর অধীনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই নিয়মটি সারা দেশে বলবৎ হবে। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে নতুন বিধি কার্যকর হয়েছে।এতদিন বাজারে কিছু ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যেত। সেই তালিকায় থাকা ওষুধগুলির ক্ষেত্রে ‘সিরাপ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে কোনও ধরনের সিরাপ ওষুধ অবাধে বিক্রি বা কেনা আইনসম্মত হবে না।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওষুধের অপব্যবহার রোধ এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে কাশির সিরাপ নিয়ে অতীতে একাধিক বিতর্ক সামনে এসেছিল। মধ্যপ্রদেশে অন্তত ২২ শিশুর মৃত্যুর ঘটনার পর বিষয়টি জাতীয় স্তরে উদ্বেগ তৈরি করে। ওই ঘটনার জেরে বিভিন্ন রাজ্যে তদন্ত শুরু হয় এবং কয়েকটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর আগে দুই বছরের কম বয়সি শিশুদের জন্য সর্দি-কাশির কিছু ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সব ধরনের সিরাপ বিক্রির ক্ষেত্রেই আরও কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার।