পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন নেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। নীতি আয়োগের সদস্য ড. ভিকে পাল ফের একবার এই ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে জানিয়েছেন যে, এটি নিলে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়।
আরও পড়ুন:
পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভ্যাকসিন গ্রহণ না করলে আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের অক্সিজেনের প্রয়োজন হতে পারে। অন্যদিকে, টিকা নেওয়া থাকলে আইসিইউতে ভর্তি হওয়ার সম্ভাবনা মাত্র ৬ শতাংশে নেমে আসে।
তাই অতিমারি মোকাবিলায় ভ্যাকসিন কতটা কার্যকর, তা এই তথ্যের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে।আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। দেশে সংক্রমণের হার ৭ মে-র পর থেকে ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে এবং গত সপ্তাহে তা আরও ৩০ শতাংশ কমেছে। হু এবং এইমসের সাম্প্রতিক জাতীয় সেরো-সমীক্ষায় দেখা গেছে, দেশের ১৮ বছরের বেশি বয়সী প্রায় ৬৭ শতাংশ মানুষ কোনো না কোনো সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে বিশেষজ্ঞেরা পুনরায় করোনা ভ্যাকসিন নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।