পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় স্তরের নীতি নির্ধারণে এবার বাংলার জয়জয়কার। দেশের প্রধান নীতি নির্ধারক সংস্থা 'নীতি আয়োগ'-এর শীর্ষপদে স্থান পেলেন পশ্চিমবঙ্গের দুই কৃতী সন্তান। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. অশোক লাহিড়ী নীতি আয়োগের সহ-উপাধ্যক্ষ এবং খ্যাতনামা বিজ্ঞানী ড. গোবর্ধন দাস সংস্থার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শুক্রবার সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে।
আরও পড়ুন:
প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য অশোক লাহিড়ী বর্তমানে বালুরঘাটের বিজেপি বিধায়ক। তবে পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নীতি আয়োগের পদাধিকারবলে চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই হিসেবে অশোক লাহিড়ী হতে চলেছেন এই সংস্থার দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি।
এর আগে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।আরও পড়ুন:
অন্যদিকে, বিজ্ঞানী গোবর্ধন দাস বর্তমানে ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER)-এর অধিকর্তা। এর আগে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্পেশাল সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের অধ্যাপক ও চেয়ারপার্সন হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় স্তরের নীতি নির্ধারণে তাঁর বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। বাংলায় যখন তৃণমূল ও বিজেপির মধ্যে বিধানসভা নির্বাচন নিয়ে তীব্র লড়াই চলছে, ঠিক তখনই এই দুই বঙ্গসন্তানের নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।