পুবের কলম প্রতিবেদকঃ জওহরলাল নেহরুকে ছাপিয়ে ভারতের সবথেকে বেশি সময়ের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। বুধবার টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে নতুন রেকর্ড গড়লেন। এই উপলক্ষ্যে বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একইসঙ্গে তেল ও গ্যাসের যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে দ্রুতই ভালো খরব আসতে চলেছে বলে আশ্বাস দেন। দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী থাকায় দেশবাসীকেও ধন্যবাদ জানান।
আরও পড়ুন:
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতারা।
বৈঠক শেষে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। পূর্বের কংগ্রেস শাসনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের আমলে দেশকে অসহায়ত্ব, দুর্দশা ও হীনমন্যতায় ঠেলে দেওয়া হয়েছিল এবং জনগণকে বিশ্বাস করানো হয়েছিল যে ভারতে দ্রুত উন্নয়ন সম্ভব নয়। কংগ্রেস উন্নয়নের ব্যর্থতার জন্য ভারতের হিন্দু জনগোষ্ঠীর ওপর অন্যায়ভাবে দোষ চাপিয়েছিল। আর এর নাম তারা দিয়েছিল 'হিন্দু গ্রোথ রেট'। শুধু তাই নয়, মোদী তোপ দেগে বলেন, কংগ্রেস দেশকে পঙ্গু করে দিয়েছে। তার সঙ্গে তুলনা টেনে এনডিএ সরকারের আমলে উন্নয়নের একের পর এক খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সমস্ত ক্ষেত্রেই ভারত এগিয়েছে। ভারতের বিকাশ দ্রুতগতিতে চলছে। পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী জানান, ১২ বছরে ২৫ কোটি মানুষ দরিদ্র সীমার ওপরে চলে এসেছে। এর পাশাপাশি ডিজিটাল ক্ষেত্র, মৎস্যচাষ ও পশুপালন সবক্ষেত্রেই দেশ এগিয়ে চলেছে।আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর কথায়, ২০১৪ সাল থেকে নতুন ভারতের জন্ম হয়েছে। দেশে নতুন আশার সঞ্চার হয়েছে। গত ১২ বছরে তাঁর সরকার দেশবাসীর সেই সব আশা-আকাঙ্খা পূরণ করার জন্য নিরন্তর কাজ করেছে। যারফলে ২৫ কোটি মানুষ দরিদ্র স্তর থেকে উপরে উঠে এসেছে। দেশের সকল গরীব মানুষ মনে করেন একদিন তাদের লড়াই শেষ হবে, সেই আশা পূর্ণ হবে।
আরও পড়ুন:
ভারতের সবথেকে বেশি সময়ের প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে মোদী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, "এত বছর সেবা করতে পারব ভাবিনি।
মানুষ আমার কাছে ঈশ্বর। মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছে।" তিনি মনে করেন, এই সাফল্য তাঁর ব্যক্তিগত অর্জন নয়। এই সাফল্যে এনডিএ-র সকল দলের সমান অবদান আছে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী পূর্বের সরকারকে নিশানা করে বলেন, ২০১৪ সালে বর্তমান সরকার আসার আগে বেশ কয়েক দশক ধরে ভারতের রাজনীতি ছিল অস্থির। তবে এখন স্থিতিশীল সরকার রয়েছে।আরও পড়ুন:
এর পাশাপাশি বর্তমান বিশ্বে ভারতের অবস্থান কোন জায়গায় রয়েছে সেই প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গোটা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে। শুধু তাই নয়, বিশ্ব ভারতের কাছে পরামর্শ চাইছে বলে জানান তিনি। এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতের কারণে যে জ্বালানী সংকট দেখা দিয়েছে সে প্রসঙ্গে মোদী ইঙ্গিত দিয়েছেন দ্রুত ভালো খবর আসবে।