পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের উন্নয়ন ও মানুষের সমৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে বলে অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পশ্চিমবঙ্গ সফরের আগে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও দেশের ইতিহাসে রাজ্যের অবদানের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী লেখেন, সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য এবং সমাজ সংস্কারের মতো নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। তিনি উল্লেখ করেন, ২০ জুন রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছিল এবং এর পিছনে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
মোদি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তিনি পশ্চিমবঙ্গের অগ্রগতি ও রাজ্যবাসীর কল্যাণ কামনা করেন।
এদিকে, দু’দিনের সফরে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রশাসনিক বৈঠক এবং বালিগড়িতে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার রেড রোডে আয়োজিত মূল কর্মসূচিতেও উপস্থিত থাকবেন তিনি।
এই সফরে ৮২০ কোটিরও বেশি টাকার বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের সূচনা এবং প্রায় ৫৯০ কোটি টাকার রেল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি কৃষি, গ্রামোন্নয়ন, মৎস্য ও পশুপালন সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। পিএম-কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং ধনধান্য যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণাও করবেন বলে জানা গেছে।