পুবের কলম, ওয়েবডেস্ক: মেক্সিকোর তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রে পরবর্তী ম্যাচের দুই দিন আগে যাত্রার পরিকল্পনা করেছিল ইরান। লস অ্যাঞ্জেলসে ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে তারা দুই দিন আগে লস অ্যাঞ্জেলসে যাওয়ার অনুমতি চেয়েছিল। কিন্তু ইরানের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। আয়োজকদের কাছে এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আবারও অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শর্তগুলি ইরানের ফুটবল দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন সে দলের ফুটবলার থেকে শুরু করে কোচ আমির ঘালেনোই। তাদের মতে, বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলির মধ্যে সমতার নীতির পরিপন্থী এটা। এর ফলে বিশ্বকাপে তাদের দলের কোচ ও কোচিং স্টাফদের পূর্বপরিকল্পিত রণকৌশল ও প্রস্তুতিমূলক পরিকল্পনা বাস্তবায়নে ব্যাঘাত ঘটছে। তারা যদি খেলার একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারত এবং খেলা শেষ হওয়ার পর অন্তত সেখানে রাতটা কাটানোর সুযোগ পেতেন, তাহলে পরের দিনে ক্লান্তি কাটিয়ে মেক্সিকোয় ফিরতে পারবেন। বাস্তবে সেটা না হওয়ায় ম্যাচ শেষ হওয়ায় সঙ্গে সঙ্গে ক্লান্তি নিয়ে দীর্ঘ যাত্রায় ইরানের ফুটবলাররা অনেকবেশি ক্লান্ত হয়ে পড়ছেন। যদিও তেহরানের ফুটবল কর্মকর্তাদের বিশ্বাস, বিষয়টি নিয়ে ফিফা পুনর্বিবেচনা করবে।