পুবের কলম ওয়েব ডেস্ক: হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডও জানিয়েছে, ওই জলপথ দিয়ে যাতে বিনা বাধায় জাহাজ যাতায়াত করতে পারে, তার জন্য তারা পাহারায় মোতায়েন রয়েছে। তবে আমেরিকা এই দাবি করলেও ইরান তা সরাসরি খারিজ করে দিয়েছে।

তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের আগাম অনুমোদন ছাড়া কোনও জাহাজই হরমুজ অতিক্রম করতে পারবে না।

এর আগে শনিবারই হরমুজ বন্ধ করার কথা ঘোষণা করেছিল ইরান। রবিবার ইরানের জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা (পিজিএসএ) সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানায়, মার্কিন সেনার ‘বেআইনি কার্যকলাপের’ জেরেই এই প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে পিজিএসএ-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে এবং ছাড়পত্র মিললে তবেই নির্দিষ্ট জাহাজগুলি এই জলপথ ব্যবহার করতে পারবে।

বিগত কয়েক দিন ধরেই হরমুজে বাণিজ্যিক জাহাজের ওপর একাধিক হামলার ঘটনায় দু'দেশের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে ট্রাম্প ইতিমধ্যেই সংঘর্ষবিরতি বাতিল করেছেন। রবিবার ভোরে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে যখন সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ইরান গোলাবর্ষণ করে। এর জবাবে বাহরিনে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে তেহরানের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা।