ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
আরও পড়ুন:
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিবৃতিতে দাবি করা হয়, সম্প্রতি কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করে।
আইআরজিসির ভাষ্য, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া ভবিষ্যতে নতুন কোনো হামলা, উসকানি বা ঘোষিত নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে ইরানের এই সামরিক বাহিনী।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে এই ঘোষণার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।