পুবের কলম,ওয়েবডেস্ক: ৫৩ বছর আগের ঘটনায় গ্রেফতার ৭ বৃদ্ধা। ১৯৭১ সালে রান্নার কাজে ব্যবহৃত কাঠ  কাটার অভিযোগে দোষী প্রমাণিত হয় ১২ মহিলা। এঁদের মধ্যে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। আর বাকি ২ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি এলাকায়।
 অভিযুক্তরা সকলেই হিন্দোলি বনাঞ্চলের বাসিন্দা।

১৯৭১ সালে অর্থাৎ আজ থেকে ৫৩ বছর আগে জঙ্গলের কাঠ কাটার অভিযোগে অভিযুক্ত মহিলাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল হিন্দোলি পুলিশ। অভিযুক্তদের বিয়ে হয়ে যাওয়ায় তাঁদের  শ্বশুরবাড়ি থেকে খুঁজে নিয়ে আসা হয়।   এতদিন নিষ্ক্রিয় ভূমিকা পালন করলেও হঠাৎ করে এই মামলায় তৎপর হয়েছে পুলিশ। অভিযুক্তদের এদিন আদালতে পেশ করা হয়।

আদালতের প্রশ্নের জবাবে অভিযুক্ত মোতি বাই জানান, আরও অনেকের মত  আমরাও জঙ্গলে কাঠ কাটতে যেতাম। চুলো জ্বালানোর জন্য আমাদের নির্ভর করতে হত কাঠের ওপরই। তদানীন্তন বন দফতরের আধিকারিকদের অনুমতি নিয়েই আমরা কাঠ কাটতাম।

এক বৃদ্ধা কাঁপা গলায় বলেন, এই বার্ধক্যে পৌঁছিয়ে ‘কম বয়সে’ কি করেছি সেগুলো কি  মনে রাখা সম্ভব। অভাবের সংসারে যখন যেখান থেকে যা কুটি-কাটা পেয়েছি তা দিয়েই চুলো জ্বালিয়েছি।

অভিযুক্তদের বর্তমান অবস্থা বিবেচনা করে ৫০০ টাকা বন্ডে বেকসুর খালাস করেছে রাজস্থান আদালত। সেই টাকা জমা দেওয়াও অভিযুক্তদের পক্ষে প্রায় অসম্ভব। সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা।

উল্লেখ্য,  জঙ্গল কাটার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ব্রাজিল। লাগাতার জঙ্গল কেটে সাফ করা হচ্ছে। ১৯৯০-২০০০ সালের মধ্যে ৩ লক্ষ ৮৪ হাজার হেক্টর জঙ্গল কাটা হয়েছিল। ২০১৫ থেকে ২০ এই পাঁচ বছরের মধ্যে সেই সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুন। এই সময়ে ৬ লক্ষ ৬৮ হাজার ৪০০  হেক্টর জঙ্গল কাটা হয়েছে এমনটাই জানিয়েছে ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’