পুবের কলম ওয়েব ডেস্কঃ একটি ছোট্ট মানবিক উদ্যোগই কখনও কখনও মানুষের হৃদয় জয় করে নেয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সাম্প্রতিক একটি পদক্ষেপ এখন রাজ্যজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। এক সরকারি অনুষ্ঠানে তিনি মঞ্চে বসে নিয়োগপত্র দেওয়ার পরিবর্তে নিজেই মঞ্চ থেকে নেমে গিয়ে এক অন্তঃসত্ত্বা মহিলার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক সাড়া পড়েছে। সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন:
চেন্নাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরে নবনিযুক্ত কর্মীদের হাতে নিয়োগপত্র প্রদান করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী বিজয়। তামিলনাড়ু পাব্লিস সার্ভিস কমিশনের মাধ্যমে বাছাই করা ৪০১ জন প্রার্থীকে এদিন আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন ৩৮৩ জন সহকারী ইঞ্জিনিয়ার এবং ১৮ জন সহকারী হিসাব আধিকারিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়া লক্ষ্মী নামে এক প্রার্থী, যিনি গর্ভাবস্থার একেবারে শেষের দিকে ছিলেন।
তাঁর নাম ঘোষণার পর মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন যে মঞ্চে উঠে নিয়োগপত্র গ্রহণ করা তাঁর জন্য কষ্টকর হতে পারে।আরও পড়ুন:
এরপরই ঘটে ব্যতিক্রমী ঘটনা। কোনও বিশেষ ব্যবস্থা করার নির্দেশ না দিয়ে বা কর্মকর্তাদের সাহায্যের অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী নিজেই মঞ্চ থেকে নেমে আসেন। উপস্থিত সকলকে বিস্মিত করে তিনি সরাসরি অক্ষয়ার আসনের কাছে গিয়ে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। শুধু নিয়োগপত্র দিয়েই থেমে থাকেননি বিজয়।
চাকরি পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর শারীরিক সুস্থতা এবং নিরাপদ সন্তান প্রসবের শুভকামনাও জানান। মুখ্যমন্ত্রীর এই আন্তরিক আচরণে অনুষ্ঠানস্থলে উপস্থিত মানুষ করতালিতে ফেটে পড়েন।আরও পড়ুন:
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু মানুষ এই উদ্যোগকে একজন জননেতার মানবিকতার পরিচয় বলে উল্লেখ করেছেন। অনেকের মতে, প্রশাসনিক প্রথার গণ্ডি পেরিয়ে একজন নাগরিকের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মধ্যেই প্রকৃত নেতৃত্বের পরিচয় মেলে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিজয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সহজলভ্যতার বার্তা দেওয়ার চেষ্টা করে আসছেন।