উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনের গভীর জঙ্গলে ফের বাঘের আক্রমণের ঘটনা। পাশে এসে দাঁড়ালো এপিডিআর। মধু সংগ্রহ করতে গিয়ে রয়‍্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হলেন এক মৌলে। ১১ জন সঙ্গীর সামনেই তাঁকে ঘাড়ে কামড়ে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায় বাঘ। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত তাঁর জীবিত বা মৃত কোনও খোঁজ মেলেনি।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুর এলাকার বাসিন্দা ভানু ভক্তা বৈধ মহুল পাস নিয়ে ১১ জন সঙ্গীকে সঙ্গে নিয়ে কলস দ্বীপ সংলগ্ন জঙ্গলে মধু সংগ্রহ করতে যান।দলে তিন জন মহিলা সদস্যও ছিলেন। সবাই যখন মৌচাকের সন্ধানে ব্যস্ত, সেই সময় আচমকাই একটি রয়‍্যাল বেঙ্গল টাইগার ভানু ভক্তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ে কামড়ে ধরে তাঁকে গভীর জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়।

 

সঙ্গীরা লাঠি হাতে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও বাঘ বারবার তেড়ে আসায় তাঁরা পিছিয়ে যেতে বাধ্য হন। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালান। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও ভানু ভক্তার কোনও সন্ধান মেলেনি।আর এই ঘটনায় আরও মর্মান্তিক হয়ে উঠেছে ভানু ভক্তার পারিবারিক ইতিহাস। প্রায় ১২ বছর আগে তাঁর স্ত্রী রুমকি ভক্তাও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছিলেন।

দু'দিন পর উদ্ধার হয়েছিল তাঁর দেহ। এবার একই জায়গায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।আর দীর্ঘ দিন বাঘে আক্রান্তদের পাশে থেকে কাজ করে চলেছে এপিডিআর নামে একটি মানবাধিকার সংগঠন।সেই সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ আহমেদ বৃহস্পতিবার বলেন,সরকারি ক্ষতিপূরণের টাকা দ্রুত দিতে হবে।তাছাড়া আরো একাধিক সুবিধা যা তাও দিতে হবে ওই মৌলের পরিবারকে।ওর পরিবার গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।