পুবের কলম, ওয়েবডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্ক নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার তিনি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করছে এবং যাঁরা পরীক্ষার অনিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের চরম অপমান করছে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি তুলেছেন তিনি। সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, বিজেপি সরকারের আমলে দেশে অন্তত ৯০ বার পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যার ফলে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে গিয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এই নিট প্রশ্ন ফাঁসের ধাক্কা সামলাতে না পেরে ইতিমধ্যেই ২০ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন।আরও পড়ুন:
শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে খাড়গে লেখেন, "৯০ বার প্রশ্ন ফাঁস হয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বরবাদ হয়ে গিয়েছে, নিট প্রশ্ন ফাঁসের কারণে ২০টি শিশু নিজের জীবন শেষ করে দিয়েছে, পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। অথচ মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন এবং ইন্টারভিউ দেওয়ার সময় প্রতিবাদী শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিচ্ছেন।"
আরও পড়ুন:
কংগ্রেস সভাপতির অভিযোগ, বিজেপি সরকারের নীতি বা কর্মকাণ্ড নিয়ে কেউ সমালোচনা বা প্রতিবাদ করলেই তাকে ‘দেশবিরোধী’ তকমা দেওয়া এই সরকারের চেনা কৌশল।
অতীতে কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন। খাড়গে বলেন, প্রধানমন্ত্রী নিজে দেশের অন্নদাতাদের ভরা সংসদে দাঁড়িয়ে ‘আন্দোলনজীবী’ ও ‘পরজীবী’ বলে অপমান করেছিলেন, তা দেশবাসী ভুলে যায়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যেই এই সরকারের দিকে আঙুল তোলে, তাকেই দেশবিরোধী বলা হয়। তবে এবার ‘ছাত্রদের গর্জন’ সারা দেশে প্রতিধ্বনিত হবে। মোদির মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।" সারা দেশে এই ছাত্র আন্দোলন আরও তীব্র রূপ নেবে বলেও জানান তিনি।আরও পড়ুন:
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দিল্লির যন্তর মন্তরে যাঁরা নিট কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, তাঁদের কড়া সমালোচনা করেছিলেন তিনি। সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, "ওরা আসলে ধ্বংসাত্মক শক্তিদের ‘বি টিম’। যাঁরা গণতন্ত্রে সাধারণ মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাঁরাই এখন ছদ্মবেশে এসে আমাদের শিক্ষা ব্যবস্থার পেছনে লেগেছেন। যাঁরা দেশকে টুকরো করতে চায়, এরা তাদের হয়েই স্লোগান তোলে।"