পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন থাকা রক্ষীদের ওপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অনন্তনাগের লালচক এলাকায় নিরাপত্তারক্ষীরা যখন রোজকার মতো টহল দিচ্ছিলেন, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হন এক পুলিশকর্মী, যাঁকে পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ ওই হেড কনস্টেবলের নাম আশিক হুসেন কুরেশি (৩৫)।

ডিউটি চলাকালীন জঙ্গিদের গুলিতে তিনি লুটিয়ে পড়লে তাঁকে দ্রুত উদ্ধার করে অনন্তনাগ মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে এবং জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করে।

অনন্তনাগ জেলাটি অমরনাথ যাত্রার অন্যতম একটি প্রধান রুট হিসেবে পরিচিত, যে পথ ধরে প্রতি বছর অগণিত পুণ্যার্থী অমরনাথ দর্শনে যান।

পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সময়ে গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। যদিও সম্প্রতি প্রতিকূল আবহাওয়ার কারণে প্রশাসনের তরফ থেকে সাময়িকভাবে এই তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। তা সত্ত্বেও এমন কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা এলাকায় জঙ্গি হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এবং যে বা যারা এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তাদের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।