ককরোচ জনতা পার্টি (CJP)-র বিক্ষোভে দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টের জরুরি হস্তক্ষেপ চেয়ে করা আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, এ ধরনের আবেদনে অযথা আদালতের সময় নষ্ট করা উচিত নয়।
আরও পড়ুন:
আবেদনকারী আইনজীবীর দাবি ছিল, শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র-যুবকদের উপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করে তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এবং আদালতের নির্দেশও অমান্য করেছে। তিনি এই ঘটনায় সুপ্রিম কোর্টকে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেওয়া, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার তদন্তে একটি স্বাধীন কমিটি গঠনের আবেদন জানান।
শুনানির সময় আবেদনকারী পুলিশের লাঠিচার্জের কয়েকটি ভিডিওর প্রসঙ্গও তোলেন। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দেন, আদালত ওই ভিডিও দেখতে আগ্রহী নয়। তিনি বলেন, “এসব দেখার মতো সময় আমাদের নেই। দয়া করে আমাদের এবং নিজের সময় নষ্ট করবেন না।”
আবেদনে আরও দাবি করা হয়েছিল, পুলিশের এই পদক্ষেপ শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে ভীতির মুখে ফেলেছে। পাশাপাশি বলা হয়, এই মামলা কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সোনম ওয়াংচুকের স্বার্থ রক্ষার জন্য নয়; বরং দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার সুরক্ষার প্রশ্নে দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই বিষয়ে দিল্লি হাই কোর্টেও জরুরি শুনানির আবেদন করা হয়েছিল। তবে সেখানেও আদালত আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এই বিষয়ে আদালতকে অযথা জড়ানো উচিত নয়।