পুবের কলম ওয়েব ডেস্ক: রাজধানীতে সম্ভাব্য নাশকতার ছক ভেস্তে দেওয়ার পাশাপশি বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। শনিবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধচক্র ও বিদেশি গুপ্তচর সংস্থার যোগাযোগ থাকতে পারে। বিশেষ করে দাউদ ইব্রাহিম এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এই ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সন্দেহের তালিকায় ছিল ধৃতরা। গোপন সূত্রে খবর পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

তদন্তে উঠে এসেছে, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গাকে নিশানা করার পরিকল্পনা ছিল তাদের। বিমানবন্দর, রেলস্টেশন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলার ছক কষা হচ্ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। দিল্লির পাশাপাশি দেশের আরও কয়েকটি বড় শহরও তাদের লক্ষ্যবস্তু ছিল বলে জানা যাচ্ছে।

ধৃতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তারা কার নির্দেশে কাজ করছিল, কারা তাদের সহযোগিতা করছিল এবং কোথা থেকে অর্থ আসছিল এসব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিদেশ থেকে অর্থের জোগান মিলছিল কি না, সেটাও তদন্তের আওতায় রয়েছে।

এই গ্রেপ্তারির পর রাজধানীজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, যানবাহন কেন্দ্র এবং জনবহুল এলাকায় নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখছে। তদন্তকারীদের মতে, ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। এই ঘটনার পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।