পুবের কলম ওয়েব ডেস্ক: প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় কৃষকদের 'দিল্লি চলো' অভিযান আপাতত স্থগিত হলো। মঙ্গলবার দুপুরে শম্ভু সীমান্তে চলমান অবস্থান তুলে নিয়ে নিজেদের ঠিকানায় ফিরে গেছেন হাজার হাজার বিক্ষোভরত কৃষক। মূলত, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে আলোচনার বিষয়ে হরিয়ানা পুলিশ প্রশাসনের স্পষ্ট আশ্বাস এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতিবাচক বার্তার পরেই এই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:
'দেশ বাঁচাও মোর্চা'-র ব্যানারে দিল্লির কিষাণ ঘাটে আয়োজিত 'কিষাণ মহাপঞ্চায়েত'-এ যোগ দেওয়ার উদ্দেশ্যে পাঞ্জাব থেকে রওনা দিয়েছিলেন হাজার হাজার কৃষক।
কিন্তু পাঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমানায় উঁচু ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় হরিয়ানা পুলিশ। দিল্লিতে প্রবেশ করতে না পেরে সীমানাতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। শেষ পর্যন্ত প্রশাসনের তরফে কৃষিমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি মেলায় বরফ গলে।কৃষক সংগঠনগুলির মূল দাবি প্রস্তাবিত ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পূর্ণ বাতিল করা। তাদের আশঙ্কা, এই চুক্তি কার্যকর হলে আমেরিকা থেকে অত্যন্ত কম শুল্কে সয়াবিন, ভুট্টা এবং দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে প্রবেশ করবে। এর ফলে এক চরম অসম প্রতিযোগিতার মুখে পড়বেন দেশের ক্ষুদ্র কৃষকরা, যা তাদের আর্থিক কাঠামোকে ভেঙে দিতে পারে।
আরও পড়ুন:
তবে কৃষকদের এই উদ্বেগের মাঝেই এনডিএ জোটের সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়েছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী স্বয়ং আশ্বস্ত করেছেন যে কৃষকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। ভারত সরকার ভবিষ্যতে যেকোনো মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে দেশের কৃষক সম্প্রদায়ের স্বার্থ ও সুরক্ষাটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। প্রধানমন্ত্রীর এই ভরসা এবং প্রশাসনের হস্তক্ষেপে আপাতত শান্ত শম্ভু সীমান্ত।