পুবের কলম ওয়েব ডেস্ক: সংসদ অধিবেশন শুরুর ঠিক আগেই বিরোধীদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সংসদ ভবনের চত্বরে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি কারও কাছে সঠিক তথ্য এবং অকাট্য যুক্তি থাকে, তবে হঠাৎ করে আসা যে কোনও ঝড়ই তার সামনে শক্তিহীন হয়ে পড়ে। শান্ত চিত্তে নিজের বক্তব্যকে দৃঢ়ভাবে তুলে ধরাই শ্রেয়। সরাসরি বিরোধীদের উদ্দেশে এই বার্তা দেওয়া হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিট বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অভিযান চালানো ককরোচ জনতা পার্টিকেও (সিজেপি) সুকৌশলে এই বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এদিন সংসদের বাইরে দাঁড়িয়ে দেশের সাম্প্রতিক একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, গত এক মাসে দেশ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। মহাকাশ গবেষণাতেও ভারত এখন গর্বিত। সম্প্রতি এক ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। এর পাশাপাশি, মহাকাশ গবেষণা ক্ষেত্রে দেশের স্টার্টআপগুলি অভাবনীয় মাইলফলক ছুঁয়েছে। এই ক্ষেত্রে কর্মরত যুবকদের গড় বয়স মাত্র আঠাশ বছর, যা প্রমাণ করে যে ভারতীয় তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই অসীম।আরও পড়ুন:
পরিকাঠামো ও প্রযুক্তির উন্নয়নের কথা বলতে গিয়ে মোদি জানান, রাজস্থানে সম্প্রতি একটি বিশাল তেল শোধনাগার গড়ে উঠেছে এবং কয়েক সপ্তাহ আগে দেশের তৃতীয় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তার কাজ শুরু করেছে। এছাড়া দেশবাসী পেয়েছে দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন, যা বিশ্বের খুব কম দেশের কাছেই রয়েছে। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সংকট নিয়েও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের জ্বালানির একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। সেখানকার যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে কিছুটা প্রভাব পড়লেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার এখনও ৭.৭ শতাংশে অটুট রয়েছে।
আরও পড়ুন:
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সোমবার অধিবেশনের প্রথম দিনেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছে ককরোচ পার্টি। তবে সরকারের দাবি, নিটের পুনর্পরীক্ষা ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে, তাই বিরোধীদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।