পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন কোচ পানাগিওটিস ডিলমপেরিস। রবিবার সকালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে সবুজ-মেরুন পতাকা, ফুলের মালা, উত্তরীয় নিয়ে হাজির ছিলেন সমর্থকেরা। 
এ দিকে রবিবারই দু’জন নতুন ফুটবলারকে দলে নিল মোহনবাগান। এফসি গোয়ার দেজান দ্রাজিচকে ২ বছরের চুক্তিতে দলে নেওয়া হল। সার্বিয়ান এই ফুটবলারটি অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট-উইং, দু’জায়গাতেই খেলতে পারেন।

লা লিগার ক্লাব সেল্টা ভিগোয় খেলা দ্রাজিচের চ্যাম্পিয়ন্স লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। এই মরশুমে বাগানের প্রথম বিদেশি ফুটবলার হিসেবে বুধবার শহরে পা রাখবেন ৩০ বছরের এই ফুটবলার। 

মোহনবাগানে সই করার পরে দ্রাজিচ বলেন, ‘মোহনবাগান এশিয়ার অন্যতম বড় দল। এই ক্লাবের ঐতিহ্য ও ইতিহাস স্মরনীয়। প্রচুর সমর্থক আছে।

ভারতে আসার আগে থেকেই ডার্বির কথা শুনেছি। এই ম্যাচে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’ 

পাশাপাশি, তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে এলেন ডিফেন্ডার অ্যালেক্স সাজি। জাতীয় দলের এই ফুটবলারটির দিকে বাগান কর্তাদের অনেকদিন ধরেই নজর ছিল। ২৬ বছরের সাজি বলেন, ‘এই ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। আমি দলের জন্য অবদান রাখতে চাই।’