দিল্লির যন্তর মন্তরে বৃষ্টির মধ্যেই ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের অনুমতি না পেলেও কর্মসূচিতে অনড় ছিল সিজেপি। সংগঠনের দাবি, প্রায় ৮ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

সোমবার যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশে মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা।

অনেকের হাতে ছিল সংবিধানের কপি ও জাতীয় পতাকা, পাশাপাশি বৃষ্টির মধ্যেও মিছিলে যোগ দেন অংশগ্রহণকারীরা।

এদিকে মিছিল আটকাতে যন্তর মন্তর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দিল্লি পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়।

এর আগেই দিল্লি পুলিশ সিজেপির পূর্বঘোষিত কর্মসূচিকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছিল।

পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। তবে কর্মসূচি শুরুর আগে সামাজিক মাধ্যমে সিজেপি জানায়, “ভারী বৃষ্টি এবং কড়া নিরাপত্তাও আজ ককরোচদের থামাতে পারবে না।”

NEET-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। পরে সেই আন্দোলনের মঞ্চে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি সফদরজং হাসপাতালে ভর্তি থাকলেও অনশন চালিয়ে যাচ্ছেন বলে সংগঠনের দাবি। তাঁর সঙ্গে অনশনে থাকা তিন শিক্ষার্থী সোমবার সকালে অনশন ভঙ্গ করেন।