উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ওড়িশা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওড়িশার বিভিন্ন জেলায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি রবিবার সকালে বালেশ্বরের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং দীঘার প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদবালি ও দীঘার মধ্যবর্তী উত্তর ওড়িশা উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
আরও পড়ুন:
পরিস্থিতির জেরে সম্বলপুর, অঙ্গুল, বৌধ, সোনেপুর এবং কান্ধমাল জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া ওড়িশার আরও ১৯টি জেলায় কমলা এবং ৬টি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন সমুদ্র ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় ওড়িশার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হয়েছে।
কান্ধমাল জেলার খাজুরপাড়ায় সর্বাধিক ২৭৬ মিলিমিটার এবং বলাঙ্গির জেলার তুরেইকেলায় ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভুবনেশ্বরে ১১৯.৪ মিলিমিটার এবং কটকে ১২৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আরও পড়ুন:
গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গেও মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
আবহাওয়াবিদদের মতে, চলতি বর্ষায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে বৃষ্টির ঘাটতি রয়েছে, এই নিম্নচাপের প্রভাবে তার অনেকটাই পূরণ হতে পারে। বিশেষ করে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদা জেলায় বৃষ্টির ঘাটতি কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বাধিক ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য অংশেও বর্ষার দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিন জম্মু-কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, রাজস্থান, ঝাড়খণ্ড, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক ও তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।