দেশের মুসলিমদের সামাজিক ও রাজনৈতিক অবস্থার ক্রমাবনতির অভিযোগ তুলে শীঘ্রই একটি বিস্তারিত নথি প্রকাশ করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি)। কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর সোমবার সংগঠনের মুখপাত্র এসকিউআর ইলিয়াস জানান, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে গণহিংসা, লিঞ্চিং, বুলডোজার অভিযান, মসজিদ-মাদ্রাসা ভাঙচুর, বন্দে মাতরম বাধ্যতামূলক করার উদ্যোগ এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়ে অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বোর্ডের দাবি, মুসলিমদের জীবন, সম্পত্তি, ধর্মীয় প্রতিষ্ঠান ও মৌলিক অধিকার ধারাবাহিকভাবে আক্রমণের মুখে পড়ছে। কংগ্রেস-সহ সব রাজনৈতিক দলই এই বিষয়গুলিতে যথেষ্ট সরব নয় বলেও অভিযোগ করেন ইলিয়াস।
আরও পড়ুন:
কামাল মাওলা মসজিদ মামলার রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বোর্ড আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি, মুসলিমদের অধিকার রক্ষায় একটি বিশেষ অ্যাকশন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই দেশব্যাপী আন্দোলন শুরু হতে পারে বলে জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন এআইএমপিএলবির সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি।