কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ফরাসি অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এমবাপ্পে, মাইকেল ওলিসে ও সতীর্থদের ধারাবাহিক আক্রমণে চাপে ছিল প্যারাগুয়ের রক্ষণভাগ। তবে সংগঠিত ডিফেন্সের সামনে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি ফরাসিরা।
প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বলের দখল ছিল ফ্রান্সের কাছে। কিন্তু একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরাতে পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার পরিবর্তে মাঠে নামা দেজিরে দুয়ে বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স।
স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
আরও পড়ুন:
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। তবে ফরাসি রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে শেষ মুহূর্তে এমবাপ্পে আরও দুটি গোলের সুযোগ পেলেও দুর্দান্ত সেভে তা রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল।
শেষ পর্যন্ত এমবাপ্পের পেনাল্টি গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ১-০ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় দিদিয়ের দেশমের দল।