বিশ্বকাপে মাঠে এখনও সেরা ছন্দে দেখা না গেলেও মানবিক আচরণে আবারও ফুটবলপ্রেমীদের মন জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ভূমিকম্পে পরিবার হারানো এবং একটি পা হারানো ভেনেজ়ুয়েলার এক তরুণ ভক্তের পাশে দাঁড়ালেন পর্তুগিজ মহাতারকা।

ভেনেজ়ুয়েলার তরুণ আন্দ্রেস মিয়েলস ছোটবেলা থেকেই রোনাল্ডোর অন্ধ ভক্ত। সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে তাঁর পরিবারের সব সদস্য মারা যান। কোনওরকমে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আঘাতের কারণে একটি পা হারাতে হয় তাঁকে।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ভক্তের এই মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠান রোনাল্ডো। সেখানে তিনি বলেন, “হ্যালো আন্দ্রেস, জানি তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। তারপর তোমাকে আমার একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাব।

তোমার সঙ্গে সামনাসামনি দেখাও করতে চাই।”

শুধু ভিডিও বার্তাই নয়, নিজের স্বাক্ষর করা পর্তুগাল জাতীয় দলের জার্সিও পাঠিয়েছেন রোনাল্ডো। সমাজমাধ্যমের মাধ্যমে আন্দ্রেসের ঘটনার কথা জানতে পেরেই এই উদ্যোগ নেন তিনি।

এর আগেও মানবিক আচরণের জন্য প্রশংসা কুড়িয়েছেন সিআর সেভেন। সম্প্রতি ক্রোয়েশিয়াকে হারানোর পর প্রতিপক্ষ অধিনায়ক লুকা মদ্রিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি এক বছর আগে প্রয়াত জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোটার স্মরণেও বিশেষ শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।

মাঠের পারফরম্যান্সের বাইরেও মানবিকতা ও সহমর্মিতার জন্য আবারও কোটি কোটি মানুষের হৃদয় জয় করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।