পুবের কলম ওয়েব ডেস্কঃ  ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানকে ইচ্ছাকৃতভাবে নকআউট পর্বে উঠতে বাধা দেওয়ার অভিযোগে এদিন ফিফাসহ তার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ১০০ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করল ইরান ফুটবল ফেডারেশন। পাশাপাশি আদালতের কাছে এ ঘটনায় ফিফার ভূমিকার বিচারিক পর্যালোচনারও আবেদনও জানানো হয়েছে। জানা গিয়েছে, ফিফার বিরুদ্ধে বোস্টনের একটি ফেডারেল আদালতে এই মামলাটি করেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি। পাশাপাশি তিনি এটিকে ক্লাস-অ্যাকশন মামলা হিসেবে আদালতে পরিচালনার অনুমতিও চেয়েছেন।

ফিফাসহ ইনফান্তিনোর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় দাবি করা হয়েছে, মিশরের বিপক্ষে ইরানের গ্রুপ পর্বের ম্যাচে অতিরিক্ত সময়ের গুরুত্বপূর্ণ গোলটি অন্যায়ভাবে বাতিল করা হয়। ভিএআরের মাধ্যমে অফসাইডের সিদ্ধান্ত দিয়ে ইরানকে জয় ও শেষ ৩২-এ ওঠার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। সেদিনের বিতর্কিত ঘটনাটি ঘটে গ্রুপ পর্বের ম্যাচের যোগ করা সময়ে। ইরানের হয়ে শোজা খলিলজাদেহ গোলের দেখা পেলেও ভিএআর পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্তে গোলটি বাতিল করা হয়।

শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাতে মিশর নকআউটে জায়গা করে নেয়। এবং বিশ্বকাপে ইরানের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। আফরাসিয়াবি জানিয়েছেন, সেদিনের ম্যাচের একটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়ে শুধু অভিযোগ নয়,  বরং পুরো টুর্নামেন্টজুড়েই ইরানের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে ফিফা। তারা বিশ্বকাপে ইরানের জন্য সমান ও নিরপেক্ষ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। এতে ইরান দলটি ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত লেগেছে।