পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ু সরকার। মাদ্রাজ হাইকোর্টের সম্প্রতি একটি রায়ের বিরুদ্ধে এই আবেদন দাখিল করা হয়েছে।

গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট একটি নির্দেশ জারি করে ১৯৭৬ সালের সরকারি আদেশ কার্যকর করার কথা জানায়। আদালতের মতে, দুধ উৎপাদন বৃদ্ধি, গবাদি পশুর সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার স্বার্থে রাজ্যে গরু ও বাছুর জবাই সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন।

সেই নির্দেশের ভিত্তিতে অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল।এই মামলার সূত্রপাত হয় কোয়েম্বত্তূরের বাসিন্দা কে সূর্য প্রশান্তের দায়ের করা একটি জনস্বার্থ মামলাকে কেন্দ্র করে। তিনি আদালতের কাছে আবেদন জানান, প্রকাশ্যে গরু জবাই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

মামলার শুনানিতে বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব ও এডিজিকে দ্রুত নির্দেশ কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে, ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদে গোহত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গোহত্যা কোনও বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়।

সুপ্রিম কোর্টে সরকারের আবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫৮ অনুযায়ী এতদিন নির্দিষ্ট শর্তসাপেক্ষে গবাদি পশু জবাইয়ের অনুমতি ছিল। সেই আইনে কেবলমাত্র ১০ বছরের বেশি বয়সী, কৃষিকাজ বা প্রজননের ক্ষেত্রে স্থায়ীভাবে অক্ষম এবং গুরুতর অসুস্থ পশুদের অনুমোদিত কসাইখানায় জবাই করার সুযোগ রাখা হয়েছিল।