পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতা ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক করার উদ্যোগ নিয়ে রাজ্যের পরিবহণ দফতর। অস্ট্রেলিয়া ও ফ্রান্সের আধুনিক প্রযুক্তির সহায়তায় ট্রাম ব্যবস্থাকে আরও উন্নত ও সময়োপযোগী করে তোলার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটসকে বিস্তারিত সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, শহরের যেসব রুটে ট্রাম পরিষেবা বন্ধ হয়ে গেছে, সেগুলিতে পুনরায় ট্রাম চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে বর্তমান পরিকাঠামো কতটা ব্যবহারযোগ্য এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে পরিষেবাকে কীভাবে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তোলা যায়, তাও সমীক্ষার আওতায় থাকবে।

এই কাজে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের উন্নত ট্রাম পরিচালনা ব্যবস্থা এবং নগর পরিবহণ সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগানো হবে। ইতিমধ্যেই ট্রাম সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য রাইটসের হাতে তুলে দিয়েছে পরিবহণ দফতর।

দফতরের এক আধিকারিক জানান, ব্রিটিশ আমল থেকে কলকাতায় ট্রাম চললেও দীর্ঘ সময় ধরে এর প্রযুক্তিগত উন্নয়ন প্রায় হয়নি। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রামকে আধুনিক করে তোলার জন্য নতুন প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি বলে মনে করছে সরকার। প্রশাসনের দাবি, ট্রাম শুধুমাত্র একটি পরিবহণ ব্যবস্থা নয়, এটি কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ।

তবে বিগত কয়েক দশকে ট্রাম পরিষেবার পরিকাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পরিবহণ দফতরের অভিযোগ, অতীতে ট্রাম পরিষেবার সঙ্গে যুক্ত বহু সম্পদ ও জমি বিক্রি হয়ে যাওয়ায় বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামোর অভাব দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে ট্রামকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমীক্ষার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া রুটগুলো পুনরায় চালু করা সম্ভব কি না, সেই বিষয়েও বিস্তারিত মূল্যায়ন করা হবে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, ট্রাম সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং দূষণমুক্ত গণপরিবহণ ব্যবস্থা।

তাই একে নতুনভাবে ফিরিয়ে আনার জন্য সরকার আন্তরিকভাবে উদ্যোগী। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে যাতে রাজ্যের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এজন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। পরিবহণ দফতরের পরিকল্পনায় দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত এবং গঙ্গা ও আদিগঙ্গাকে সংযুক্ত করে বিশেষ ট্রাম পরিষেবা চালুর ভাবনাও রয়েছে। পাশাপাশি পর্যটনের সঙ্গে ট্রামকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে পর্যটন দফতরের সহযোগিতা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

শুধু কলকাতা শহর নয়, নিউটাউন ও রাজারহাট এলাকাতেও আধুনিক ট্রাম পরিষেবা চালুর সম্ভাবনা পরীক্ষা করে দেখা হবে। দ্রুত সম্প্রসারিত এই অঞ্চলগুলিতে পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে ট্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে প্রশাসন।