পুবের কলম ওয়েব ডেস্কঃ  মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, আর তারপরেই মাটিতে আছড়ে বিমান। ফ্রান্সের ন্যান্সিতে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে, বিমানের যাত্রীরা সকলেই ছিলেন স্কাইডাইভার। তাঁদের নিয়ে বিমানটি আকাশে উড়ছিল, কিন্তু স্কাইড্রাইভিংয়ের আগেই দুর্ঘটনা ঘটে।

 

দেশটির সংবাদমাধ্যম অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের প্রশিক্ষক, পাঁচজন শিক্ষার্থী এবং পাইলট রয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করার পাশাপাশি জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এক আধিকারিক জানিয়েছেন, মনে হচ্ছে নিহতরা ন্যান্সির নার্স ছিলেন এবং প্রথমবারের মতো স্কাইডাইভিং করছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নিহতদের বেশ কয়েকজন আত্মীয় এই দুর্ঘটনাঢ় দৃশ্য প্রত্যক্ষ করেছেন।

আজ সকাল ১১ টার দিকে আচমকা বিমানটি ভেঙে পড়ে। ফরাসি দৈনিক ‘ল'এস্ত রেপুবলিকাইন’-এর রিপোর্ট অনুযায়ী বিমানটি বাড়িঘরের কাছে, রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় আছড়ে পড়ে । 

যদিও ঠিক কী কারণে দুর্ঘটনা তা নিয়ে এখনও স্পষ্ট নন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর আমরি লাকোট স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাবলিক প্রসিকিউটরের কার্যালয় ফরেনসিক শনাক্তকারী পরিষেবা এবং ন্যান্সি-মেটজ এয়ার ট্রান্সপোর্ট জেন্ডারমেরি ব্রিগেডকে তদন্ত শুরু করার দায়িত্ব দিয়েছে। এদিকে, দুর্ঘটনার পর টমব্লেইনের আশেপাশের এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটও ঘটে বলে জানা গিয়েছে।