পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচল ও বাণিজ্য বজায় রাখার ওপর জোর দিল ভারত। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমেরিকা ও ইরানের মধ্যে প্রাথমিক শান্তি সমঝোতার পরও পশ্চিম এশিয়ার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি।

আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি জানান, সংলাপের মাধ্যমে যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, ভারত তাকে স্বাগত জানায়।

একই সঙ্গে পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, হরমুজ প্রণালী শুধু ভারতের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই এটি সব দেশের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি।

ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিতভাবে অবহিত করেন। দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।