ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে ২৩টি রাজনৈতিক দল এবং এক জন নির্দল প্রতিনিধির স্বাক্ষর রয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, চিঠিতে সই করেছে আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্র কাঝগম। এই দুই দলের অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল। ফলে তাদের স্বাক্ষর বিরোধী শিবিরের কাছে বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

গত ৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-সহ একাধিক দল অংশ নিলেও দ্রাবিড় মুন্নেত্র কাঝগম কোনও প্রতিনিধি পাঠায়নি। অন্যদিকে, লোকসভা নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে জোট থেকে দূরে সরে যাওয়ার কথা জানিয়েছিল আম আদমি পার্টি।

জোট সূত্রের দাবি, গত কয়েক দিন ধরে দুই দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল বিরোধী শিবিরের নেতারা। সেই কারণেই ঘোষণার প্রায় তিন সপ্তাহ পর প্রধান বিচারপতির কাছে চিঠি পৌঁছায়।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে জানান, ২৩টি রাজনৈতিক দল এবং এক জন নির্দল প্রতিনিধি ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। পরে তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও'ব্রায়েনও বিষয়টি নিশ্চিত করেন।
চিঠিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, নির্বাচনী স্বচ্ছতা এবং সম্ভাব্য অনিয়মের অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তবে আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্র কাঝগমের এই পদক্ষেপ ‘ইন্ডিয়া’ জোটে তাদের পূর্ণ প্রত্যাবর্তনের ইঙ্গিত কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, আপাতত এটি একটি নির্দিষ্ট ইস্যুতে বিরোধী ঐক্যের বার্তা মাত্র। জোটের সঙ্গে তাদের দূরত্ব পুরোপুরি ঘুচেছে কি না, তা আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিই স্পষ্ট করবে।