পুবের কলম ওয়েব ডেস্কঃ অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য সংগৃহীত অনুদান আত্মসাতের অভিযোগে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই আবেদনের জরুরি শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ জানিয়ে দেয়, আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার পর বিষয়টি তালিকাভুক্ত করা হবে।

বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি শীল নাগুর বেঞ্চের সামনে আবেদনকারী নিজেই উপস্থিত হয়ে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান।

তাঁর দাবি, রাম মন্দিরের অনুদান তহবিল সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তা অবিলম্বে বিবেচনা করা প্রয়োজন। শুনানির সময় বেঞ্চ জানতে চায়, মামলাটির জরুরি শুনানির প্রয়োজনীয়তা কোথায়। জবাবে আবেদনকারী বলেন, বিষয়টি যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে সন্দেহ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে আদালত এই যুক্তিতে সন্তুষ্ট না হয়ে জানিয়ে দেয়, নিয়মিত বেঞ্চ বসার পর মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।
আবেদনে কেন্দ্রীয় সরকার, উত্তর প্রদেশ সরকার এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। আবেদনকারীর বক্তব্য, ভক্ত ও অনুদানকারীদের স্বার্থ রক্ষার জন্য অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তহবিল গায়েব হওয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগগুলি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হোক বা না হোক, এই ধরনের খবর বহু ভক্ত ও সমর্থকের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে, যাঁরা দীর্ঘদিন ধরে রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা আর্থিক সহায়তা করেছেন, তাঁদের আস্থার প্রশ্নও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। এদিকে, একই ধরনের অভিযোগ তুলে আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামীও পৃথক একটি আবেদন দায়ের করেছেন।