পুবের কলম ওয়েব ডেস্ক: অসমে ‘বিদেশি’ তকমা পাওয়া ২৭ জন ব্যক্তির বিরুদ্ধে এখনই কোনও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, অসমের ফরেনার্স ট্রাইবুনালকে সম্পূর্ণ স্বচ্ছ, আইনসম্মত এবং যৌক্তিক পদ্ধতি মেনে ওই ২৭ জনের নাগরিকত্ব পুনরায় যাচাই করতে হবে।

আদালত সূত্রে খবর, ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত হওয়া ওই ২৭ জনের মধ্যে সাবিত্রী দে, আজবহর আলি, মহম্মদ আকবর আলি, আবেদা খাতুন এবং আনওয়ারা খাতুন সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আবেদনকারীদের তরফ থেকে জানানো হয়, পুরোনো ভোটার তালিকায় তাঁদের নামের বানানে সামান্য ভুল ছিল।

আর সেই তুচ্ছ কারণের জেরেই ট্রাইবুনাল তাঁদের ‘বিদেশি’ বলে ঘোষণা করেছে।

এই নির্দেশের বিরুদ্ধে তাঁরা এর আগে গৌহাটি হাই কোর্টেও আবেদন করেছিলেন। কিন্তু উচ্চ আদালত ট্রাইবুনালের রায়ই বহাল রাখে। হাই কোর্টে নিরাশ হওয়ার পরেই ওই আবেদনকারীরা নিজেদের অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। শীর্ষ আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তিতে ওই ২৭ জন।