পুবের কলম, ওয়েবডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের আঁচ এবার সরাসরি পৌঁছাল অসমে। গুয়াহাটির চ্যাচালে আয়োজিত শিক্ষার্থীদের এক প্রতিবাদ মিছিলে সুর মেলালেন অসমের রাজস্ব মন্ত্রী কেশব মহন্তের কন্যা দ্বিবিসা মহন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এই মিছিলে মন্ত্রীকন্যার সক্রিয় অংশগ্রহণ ও স্লোগান দেওয়ার দৃশ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, দ্বিবিসা মহন্ত হাতে প্লেকার্ড নিয়ে অন্য আন্দোলনকারীদের সাথে পা মিলিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সুর চড়ান।
নিট পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে শিক্ষার্থীদের সাথে তাঁকেও টানা স্লোগান দিতে দেখা যায়।আরও পড়ুন:
কেশব মহন্ত আসামের ক্ষমতাসীন বিজেপি জোট সরকারের শরিক দল ‘অসম গণ পরিষদ’-এর রাজ্য সভাপতি অতুল বরার পরেই জ্যেষ্ঠতম নেতা। ২০১৬ সাল থেকেই তিনি অসমের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। জোট সরকারের এক হেভিওয়েট মন্ত্রীর কন্যা হয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করা রাজনৈতিকভাবে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হতেই সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকারকে রাজ্য সরকার সম্মান জানায়।