পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের ঊর্ধ্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও আশঙ্কাজনক আকার ধারণ করেছে। শিবসাগর, চরাইদেও এবং জোরহাট— এই তিন জেলায় বন্যা কবলিত মানুষকে উদ্ধার করতে এবং ত্রাণ পৌঁছে দিতে পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা। স্পিয়ার কর্পসের অধীনে থাকা ‘রেড শিল্ড ডিভিশন’-এর চারটি বিশেষ 'ফ্লাড রিলিফ কলাম' নামানো হয়েছে এই দুর্গত এলাকাগুলিতে। সেনার পরিচালিত বিশেষ মিশন 'অপারেশন জল রাহাত'-এর মাধ্যমে এ পর্যন্ত জলে আটকা পড়া ২০০ জনেরও বেশি নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে, রাজ্যজুড়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ।

সিভিল প্রশাসনের পক্ষ থেকে জরুরি রিকুইজিশন পাওয়ার পরপরই গত ২০ জুলাই থেকে এই তিন জেলায় সেনার উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। বর্তমানে শিবসাগর জেলার নাজিরা ও আমগুড়ি, চরাইদেও জেলার সোনাড়ি এবং জোরহাট জেলার একাধিক প্লাবিত এলাকায় সেনার দলগুলি দিনরাত উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকারী দলগুলি আধুনিক উদ্ধারকারী বোট, ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম, মেডিকেল টিম এবং প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে।

জলমগ্ন বাড়িঘর থেকে আটকে পড়া পরিবারগুলিকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি তাঁদের জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

বন্যার প্রকৃত তীব্রতা পর্যালোচনা করতে এবং গ্রাউন্ড টিমকে সঠিকভাবে পরিচালনা করতে প্রভাবিত এলাকাগুলির ওপর দিয়ে হেলিকপ্টারে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। একই সাথে দূরবর্তী জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতি পর্যালোচনায় ও প্রয়োজনীয় রসদ পাঠাতে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। বন্যার পানির তোড়ে যেসমস্ত এলাকার সড়ক ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সেনার ইঞ্জিনিয়ারদের বিশেষ দল।