পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের শ্রীভূমি জেলায় এক নাবালিকাকে ফুসলিয়ে নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের ঘটনায় এক ২২ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে জেলা সদর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারপাশের এলাকায় খোঁজখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির অদূরেই একটি জঙ্গলাকীর্ণ পাহাড়ের ওপর থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার হয়।
শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, সকাল ১০টা থেকে নিখোঁজ থাকা ৮ বছরের এক নাবালিকাকে পাশবিক নির্যাতন ও খুন করা হয়েছে। তার দেহটি নিকটবর্তী জঙ্গল এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"আরও পড়ুন:
স্থানীয় সূত্রের খবর, পরিবারের লোকজন দেহটি পাওয়ার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন এবং গণপিটুনি না দিয়ে সরাসরি পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকটি চকোলেট বা অন্য কিছুর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে তার বাড়ির পিছনের নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে ধর্ষণের পর পরিচয় গোপন করতে এবং প্রমাণ লোপাট করতে নৃশংসভাবে শ্বাসরোধ করে খুন করা হয়।