পুবের কলম, গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ফের একবার তীব্র আক্রমণ শানালেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট প্রধান বদরুদ্দিন আজমল। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর লাগাতার বিভেদমূলক বক্তব্য এবং নীতিগুলির কারণে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি চরম ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। সাম্প্রতিক রাজ্য নির্বাচনে বিন্নাকান্দি বিধানসভা আসনে জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজমল বলেন, "বিদ্বেষমূলক মন্তব্য করার ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা এক নম্বরে রয়েছেন। তাঁর রাজনীতি এবং একের পর এক বিতর্কিত বিবৃতির কারণে অসমের মুসলিমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

" আজমল দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হলেও, তারা রাজ্যের শান্তি ও উন্নয়নের পক্ষেই রয়েছে। রাজনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও মুসলিম সমাজ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

এআইইউডিএফ প্রধান তাঁর সংস্থার সামাজিক কাজের খতিয়ান তুলে ধরে বলেন, তাঁদের চ্যারিটেবল ট্রাস্ট কোনো ধর্মীয় বৈষম্য না করে সবার শিক্ষার জন্য কাজ করে। তিনি স্পষ্ট ভাষায় জানান, "আজমল ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেবল মুসলিম শিক্ষার্থীরাই নয়, হিন্দু ছেলেমেয়েরাও সমানভাবে পড়াশোনা করে।

আমরা সব সময় বৈষম্যহীনভাবে শিক্ষা এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এসেছি।"

আগামী ডিজিটাল আদমশুমারি প্রসঙ্গে অসমের মুসলিমদের একটি বিশেষ বার্তা দিয়েছেন বদরুদ্দিন আজমল। তিনি রাজ্যের মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন আদমশুমারির ফর্মে নিজেদের মাতৃভাষা হিসেবে ‘অসমীয়া’ উল্লেখ করেন। তাঁর মতে, এটি অসমীয়া সংস্কৃতির সঙ্গে মুসলিম সমাজের মেলবন্ধনকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করবে। আজমল বলেন, "এবার আদমশুমারির সময় মুসলিমদের উচিত নিজেদের ভাষা হিসেবে অসমীয়া লেখা। এটি অসমের সংস্কৃতি ও সমাজের সঙ্গে আমাদের একাত্মতার পরিচয় দেবে।"