পুবের কলম ওয়েব ডেস্ক: ছাত্র বিক্ষোভের নেপথ্যে এবার বিদেশি শক্তির মদতের তত্ত্ব ক্রমশ বাস্তব রূপ নিচ্ছে। আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে অশান্তি ছড়ানোর যে গুঞ্জন প্রথম থেকেই শোনা যাচ্ছিল, তাতেই এবার কার্যত সিলমোহর দিল দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো খবর এবং গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই প্রায় ৪৮০টি পাকিস্তানি অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার পিছনে এক গভীর চক্রান্ত কাজ করছে।
আরও পড়ুন:
সম্প্রতি দিল্লি পুলিশের তরফ থেকে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করে এই বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মাধ্যম ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। কড়া নজরদারির মাধ্যমে এখনও পর্যন্ত চারশোরও বেশি এমন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করে ব্লক করা হয়েছে, যারা এই স্পর্শকাতর পরিস্থিতির সুযোগ নিয়ে লাগাতার গুজব ছড়িয়ে যাচ্ছে। চাঞ্চল্যকর তথ্য হল, এই একই অ্যাকাউন্টগুলি এর আগে 'অপারেশন সিঁদুর'-এর সময়েও ঠিক একইভাবে ভুয়ো খবর ছড়ানোর কাজে ব্যবহার করা হয়েছিল।
প্রশাসনের মতে, এই কুচক্রী মহলের প্রধান লক্ষ্যই হল সাধারণ মানুষকে খেপিয়ে তোলা এবং মূলত আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করা। তাই বেনামি অ্যাকাউন্ট থেকে ছড়ানো সম্পাদিত ভিডিও বা প্ররোচনামূলক পোস্টে প্রভাবিত না হওয়ার জন্য পুলিশ ছাত্রসমাজকে সতর্ক করেছে।আরও পড়ুন:
অন্যদিকে, দিল্লিতে আন্দোলনের নামে যে ব্যাপক ভাঙচুর এবং পুলিশ বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে, সেই বিষয়েও চরম কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সদিচ্ছা থাকলেও, যারা এই আন্দোলনের আড়ালে হিংসায় উসকানি দিচ্ছে বা সরাসরি নাশকতামূলক কাজে যুক্ত থাকছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।