পুবের কলম ওয়েব ডেস্ক: নিট দুর্নীতি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পুলিশি হামলার অভিযোগ নিয়ে এবার কড়া পদক্ষেপ করল দিল্লি হাইকোর্ট। আন্দোলনকারী পড়ুয়াদের উপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগের ভিত্তিতে কেন্দ্র ও দিল্লি পুলিশকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি এবং অন্যান্য প্রমাণ সযত্নে সংরক্ষণ করার কড়া নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ। আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
গত ২০ জুলাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল সিজেপি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে অনশনে বসেছেন বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। ঘটনার দিন সিজেপি-র ওই কর্মসূচিতে পা মিলিয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ, যাঁদের এক বিরাট অংশ ছিলেন পড়ুয়ারা। অভিযোগ, সেই শান্তিপূর্ণ মিছিল রুখতে পুলিশ অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করে এবং নির্বিচারে লাঠিচার্জ করে।আরও পড়ুন:
দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া দু’টি জনস্বার্থ মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী এন হরিহরণ, গোপাল শঙ্করনারায়ণন এবং বিকাশ সিংহেরা অভিযোগ করেন যে, সাংবিধানিক অধিকার মেনে চলা শান্তিপূর্ণ মিছিলে পুলিশ মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। এমনকি সাদা পোশাকের পুলিশ পেরেক লাগানো লাঠি দিয়ে মহিলা ও শিশুদের উপরও আক্রমণ চালিয়েছে বলে দাবি করা হয়।
অতিরিক্ত ডিসি সন্দীপ লাম্বার বিরুদ্ধে বিনা প্ররোচনায় এক মহিলাকে চড় মারার মতো গুরুতর অভিযোগও আদালতের সামনে তুলে ধরেন আইনজীবীরা।আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকারের তরফে উপস্থিত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু পুলিশি বর্বরতার এই সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তিনি আদালতে প্রস্তাব দেন যে, আহত ব্যক্তিরা চাইলে ব্যক্তিগতভাবে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। তবে প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রের এই যুক্তি সরাসরি খারিজ করে দেয়। আদালত স্পষ্ট ভাষায় জানায় যে, এটি কোনওভাবেই ব্যক্তিগত স্তরের বিচ্ছিন্ন ঘটনা নয়, তাই আলাদাভাবে থানায় গিয়ে অভিযোগ জানানোর প্রশ্নই ওঠে না।