পুবের কলম ওয়েব ডেস্ক: ককরোচ জনতা পার্টির বা সিজেপির সংসদ অভিযানকে কেন্দ্র করে গত সোমবার উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি। ওই দিন আন্দোলনকারী পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর মাঝেই পুলিশের মারে এক মহিলা বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে সমাজমাধ্যমে যে জল্পনা তৈরি হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যে বলে খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক্স হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে স্পষ্ট জানিয়েছে যে, দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই মৃত্যুর দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে আখ্যা দিয়েছে তারা। একইসঙ্গে সাধারণ মানুষকে এই ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার এবং সত্যতা যাচাই না করে কোনও পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনও বিষয় চোখে পড়লে তা সরাসরি পিআইবির ফ্যাক্ট চেক টিমকে জানানোরও নির্দেশ দিয়েছে সরকার।

মৃত্যুর খবর ভুয়ো হলেও পুলিশের কড়া পদক্ষেপে যে বহু পড়ুয়া গুরুতর আহত হয়েছেন, তা স্পষ্ট।

সূত্রের খবর, পুলিশের লাঠির ঘায়ে মারাত্মকভাবে জখম হওয়া এক তরুণীকে বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। সিজেপি-র পূর্বঘোষিত এই সংসদ অভিযান আটকাতে প্রশাসনের তরফ থেকে আগে থেকেই প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী, আধা সামরিক বাহিনী এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল।

পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি ব্যাপক লাঠিচার্জ শুরু করে। যার জেরে রাজধানীর রাজপথ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রবল খণ্ডযুদ্ধে সিজেপি-র অন্তত ষাট জন সমর্থক আহত হয়েছেন এবং পাশাপাশি ১১৮ জনেরও বেশি পুলিশকর্মীও জখম হয়েছেন।