পুবের কলম ওয়েব ডেস্ক:;বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত হলো চতুর্থ কলকাতা মেটিয়াবুরুজ গার্মেন্টস ফেয়ার - ২০২৬-এর তিন দিনের পোশাক মেলা শুক্রবার শেষ হল। এই পোশাক মেলার আয়োজক মেটিয়াবুরুজ বটতলা গারমেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মেটিয়াবুরুজ গারমেন্টস ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সফি কাঠগোলা) এবং দর্জি শিল্প বাঁচাও সমিতি। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশের পাইকারি ও খুচরা ক্রেতাদের উপচে ভিড় লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের কর্ণধারেরা বাংলার এই পোশাক শিল্পের অগ্রগতি এবং অর্থনীতির চালিকাশক্তি হিসেবে এর অবদানের কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
শেষদিনেও ব্যবসায় ছিল বিশেষ চমক।মেটিয়াবুরুজ বটতলা গারমেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কারবালা) সংগঠনের সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন,তিনটি সংস্থার যৌথ প্রচেষ্টায় প্রায় ১৬৫টিরও বেশি ব্র্যান্ড এবং দুই শতাধিক স্টল অংশগ্রহণ করে। তিনি বলেন আমরা খুশি মেটিয়াবুরুজের পোশাক বাংলার বাইরে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। গত কয়েক বছরে পোশাক শিল্প নতুন ভাবে সেজে উঠেছে। উদ্যোক্তাদের মধ্যে সম্পাদক দিলওয়ার মন্ডল এবং প্রখ্যাত সংস্থা এসটিআলি ব্র্যান্ডের কর্ণধার শেখ নূর নবী,নূর আলম , জিকে ব্রান্ডের কর্ণধার জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, গত চার বছর ধরে চলা এই মেলার মূল উদ্দেশ্য হলো মেটিয়াবুরুজের এই বিশাল রেডিমেড পোশাক শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরা এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আরও উন্নতমানের ফেন্সি ও সুন্দর গার্মেন্টস তৈরি করা। এই মেলা তাদের নতুন করে পথ দেখায়।
তিন দিনের এই পোশাক মেলায় ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এসটিআলি ব্র্যান্ডের কর্ণধার শেখ নূর নবী বলেন, এ বছর মেলাটি তিনদিনের অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র হয়েছে, এরপর ক্রেতারা শনি ও রবিবার অতিরিক্ত দু দিনের হাট পাবেন। দুদিন বর্ধিত হওয়ায় ক্রেতা ও বিক্রেতারা অত্যন্ত উপকৃত হয়েছেন। মুম্বাই, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম ও বিহারসহ দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত বড় বড় হোলসেলার ও রিটেলাররা এই প্রদর্শনী থেকে নতুন কালেকশন সংগ্রহ করেছেন এবং আগামী দিনে এই শিল্প আরও বহুদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।