পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার মেটিয়াবুরুজে যে বিশাল গার্মেন্টস হাব গড়ে উঠেছে তা এখন ভারতের বৃহৎ এক গার্মেন্টস সেক্টর হিসেবে লক্ষ লক্ষ মানুষকে কারিগর হিসেবে রুজি দিচ্ছে এবং মূলত এই হাবকে কেন্দ্র করেই মেটিয়াবুরুজ ছাড়াও বোম্বে রোড ও অন্যান্য অঞ্চলে পোশাক হাব গড়ে উঠেছে। যেখানে ক্রেতারা আসেন সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও। বিগত ১০০ বছর কিংবা তারও বেশি সময় ধরে সে সময়ে মেটিয়াবুরুজের ওস্তাদ ও কারিগরদের উপর নির্ভর ছোট ছোট উৎপাদন কেন্দ্রগুলি আজ নতুন প্রজন্মের প্রচেষ্টায় আধুনিক পোশাকের সরবরাহকারী হিসেবে গড়ে উঠেছে। আর এই দোকান বা ইউনিটগুলি আজ সমগ্র ভারতে নাম করেছে। আরও বলতে হবে, বস্ত্র শিল্পের সৎ ও অত্যাধুনিক ব্যবসায়ী হিসেবে জনাব আলমগীর ফকির ও জনাব শাহজাহান মোল্লার নেতৃত্বে গড়ে উঠেছে বাংলা রেডিমেড গারমেন্টস ম্যানুফ্যাকচারার্স আন্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পিসি চন্দ্র গার্ডেন্সে আয়োজন করেছেন কলকাতা গারমেন্টস এক্সপো ২০২৬।
সবথেকে খুশির কথা, বৃহস্পতিবার প্রদর্শনীর দ্বিতীয় দিনে দেখা গেল, বহিরাগত ক্রেতা এবং এই প্রদর্শনী সম্পর্কে আগ্রহী দর্শকদের বিশাল ভিড়। যেন মনে হচ্ছিল ভিড়ে ভরা কলকাতা বইমেলার বিভিন্ন স্টলে ঘুরছি। উদ্যোক্তারা জানালেন, তাঁরা এই কলকাতা গারমেন্টস এক্সপো ২০২৬-এও গত বছরের তুলনায় আরও ভালো সাড়া পেয়েছেন। ক্রেতা ও পোশাক সরবরাহকারী উভয়ই খুশি।আরও পড়ুন:

এই কলকাতা গারমেন্টস এক্সপো ২০২৬-এ বিভিন্ন পোশাক সরবরাহ কোম্পানি তাদের স্টলগুলি সাজিয়েছেন মনের মতো করে। আর তাতে চিলড্রেন্স ড্রেস-সহ রকমারি পোশাকে স্টলগুলি সুসজ্জিত। ক্রেতারাও ঘুরে ঘুরে বিভিন্ন শিশুদের পোশাকের সম্ভার দেখছেন। বিভিন্ন কোম্পানির মধ্যে ছিল টিউলিপ, হ্যাপি ড্রেসেস, জিনিয়া, ললিপলি, আর শিল্পা, আর বিউটি ইত্যাদি নাম করা বড় বড় কোম্পানি। সবথেকে খুশির কথা, এর মধ্যে দু’টি পোশাক কোম্পানি চালচ্ছেন দু’জন তরুণী। তাদের মধ্যে একটি হচ্ছে নিস্তা।
যে সব নেতা মন্ত্রীরা এসেছিলেন তাঁরাও বাংলা রেডিমেড গারমেন্টস ম্যানুফ্যাকচারার্স আন্ড ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলায় ব্যবসা আসছে, ক্রেতারা আসছেন, সমৃদ্ধ হচ্ছে বাংলার অর্থনীতি।
এই অ্যাসোসিয়েশনের পরিচালক ও সহযোগীদের মধ্যে রয়েছেন শাহনাওয়াজ মোল্লা, জাকারিয়া খান, আর বিউটি-র জসিমউদ্দিন, টিউলপ-এর সফিউদ্দীন মন্ডল, হাজী জাহাঙ্গির লস্কর (রাজা ভাই), কাতার ড্রেসের এস এম তৌহিদ, প্রমুখ।
বৃহস্পতিবার এই এক্সপো পরিদর্শন করেন বর্ধমানের শেহরাবাজারের ইসলামী স্কলার মাওলানা আশরাফ এবং পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। তাঁরাও কলকাতা গারমেন্টস এক্সপো ২০২৬-র সাফল্য দেখে অভিভূত।