পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মাঝেই কেন্দ্র সরকারের প্রশাসনিক কাঠামোয় এক বড়সড় রদবদল ঘটানো হলো। বৃহস্পতিবার কেন্দ্রের জারি করা এক নির্দেশিকায় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে পঞ্চায়েতি রাজ মন্ত্রকে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রকের দুটি গুরুত্বপূর্ণ বিভাগে দুই নতুন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর-এর জারি করা আদেশ অনুযায়ী, আগামী ৩১ জুলাই বর্তমান পঞ্চায়েতি রাজ সচিব বিবেক ভরদ্বাজ অবসর নেওয়ার পর বিনীত জোশী তাঁর স্থলাভিষিক্ত হবেন।
আরও পড়ুন:
বিতর্কের কেন্দ্রে থাকা শিক্ষা মন্ত্রকের প্রশাসনিক হাল শক্ত করতে দুই অভিজ্ঞ আইএএস অফিসারকে নিয়ে আসা হয়েছে।
১৯৯৪ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার নরেশ পাল গ্যাংওয়ার-কে নতুন উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি এতদিন পশুপালন সচিব হিসেবে কর্মরত ছিলেন।আরও পড়ুন:
১৯৯৫ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইএএস অফিসার টি কে অনিল কুমার-কে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নতুন সচিব করা হয়েছে। তিনি এতদিন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। উল্লেখ্য, বিনীত জোশী উচ্চশিক্ষা সচিবের পাশাপাশি স্কুল শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। পূর্বে তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিরেক্টর জেনারেল এবং সিবিএসই-র চেয়ারম্যান পদেও কাজ করেছেন।