ইরানের বিভিন্ন অঞ্চলে নতুন করে মার্কিন হামলার অভিযোগ উঠেছে। ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, টানা ১২ দিনের সংঘাতের মধ্যে বৃহস্পতিবার বুশেহরসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর প্রদেশের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রদেশটির উপ-গভর্নরের বরাতে জানানো হয়েছে, একই দিনে সেখানে দু'দফা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

প্রথম হামলাটি স্থানীয় সময় ভোর ৪টার দিকে ঘটে।

এদিকে বুশেহরের পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করেছে আধা-সরকারি তাসনিম নিউজ। প্রদেশটির উপ-গভর্নরের বরাতে জানানো হয়, ওই এলাকাও হামলার শিকার হয়েছে।

এর আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে হামলায় অন্তত দুজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার পরও সীমান্তটি খোলা রাখা হয়েছে, কারণ সেখানে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইসলামাবাদে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে একটি সমঝোতা স্মারকে সই করেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পর সেই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

ইরানি সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তেহরানও পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে দাবি করেছে।