পুবের কলম ওয়েব ডেস্ক: এল নিনোর চোখরাঙানিকে উপেক্ষা করে চলতি জুলাই মাসে দেশজুড়ে দাপট দেখাচ্ছে বর্ষা। সদ্য প্রকাশ্যে আসা একটি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ভারত থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত প্রায় ১০ হাজার কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে এক বিশাল মেঘের আস্তরণ। যা দেখে উদ্বিগ্ন বিজ্ঞানীরা । 

পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ের প্রথম সাত দিনে দেশে ৭৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গত দু’দিনে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৭০ থেকে ১৮০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এত বড় মেঘের অস্তিত্ব প্রকাশ্যে আসতেই আবহাওয়াবিদদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আশঙ্কা তৈরি হয়েছে।
তাঁদের মতে, ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা বিপুল পরিমাণ জলীয় বাষ্প এশিয়া মহাদেশের বর্তমান আবহাওয়া মণ্ডলের সংস্পর্শে এসে একটি সুবিশাল ‘মৌসুমি অভিসারী অঞ্চল’ বা মনসুন কনভারজেন্স জোন তৈরি করেছে। এর ফলেই হাজার হাজার কিলোমিটার জুড়ে মেঘ এবং বৃষ্টির একটি নিরবচ্ছিন্ন করিডোর গড়ে উঠেছে।

 স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ভারতের মধ্য, উত্তর ও পূর্বাংশের বিস্তীর্ণ এলাকা ঘন কালো মেঘে ঢেকে রয়েছে এবং তা হিমালয় হয়ে উত্তর-পূর্ব দিক দিয়ে একেবারে চিন ও জাপান পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়াবিদরা এই পরিস্থিতিকে 'বিশাল বর্ষণমুখর দিন' আখ্যা দিয়েছেন, যেখানে বহু অঞ্চলে বৃষ্টির পরিমাণ দীর্ঘমেয়াদী গড় মাত্রাকেও উল্লেখযোগ্যভাবে ছাপিয়ে গিয়েছে।

আবহাওয়ার এই নজিরবিহীন পরিবর্তনের জেরে ভারতজুড়ে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর এবং রাজস্থানের বেশ কিছু অংশে প্রবল বর্ষণ হয়েছে এবং আগামী দিনে উত্তর ও মধ্য ভারতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগের দিকে এগিয়ে আসায় দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ভারী বৃষ্টি চলছে। যার জেরে অসম-সহ একাধিক রাজ্যের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। সামগ্রিকভাবে আকাশজুড়ে তৈরি হওয়া এই ১০ হাজার কিলোমিটার দীর্ঘ মেঘের বলয় এবং তার জেরে সৃষ্ট পরিস্থিতি বিজ্ঞানীদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে।