পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধানসভা ভোটের গণনার দিনেও রাজ্যের আবহাওয়া স্বস্তিদায়ক থাকছে না। অক্ষরেখা এবং ঘূর্ণাবাতের প্রভাবে গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, আবার কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বিকেলের পর থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, রোদের তেজও অনেকটাই কম। কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

সোমবার, অর্থাৎ ভোটগণনার দিনেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস 

এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় আগামী বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহেও প্রবল দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।