পুবের কলম ওয়েব ডেস্ক: জারি সতর্কতা! বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপ! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি কলকাতা-সহ গোটা রাজ্যেই, দুর্যোগে পণ্ড রবিবার। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে তা। আগামী দুই থেকে তিন দিনে উত্তর ওড়িশা হয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে। মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কবার্তা।

উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। ৭ জুলাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলায়। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সতর্কতা। কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ জেলায়।
মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৬৯ থেকে ৯৪ শতাংশ।
অন্যদিকে, সোমবার জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবারে ভারী বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও কোচবিহার এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।